গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় মো. আমানুল্লাহ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর একটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা-বরমী আঞ্চলিক সড়কের টেপিরবাড়ি গ্রামের চায়না বাংলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমানুল্লাহ ওই গ্রামের সাদেক হোসেনের ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার নূরানী শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানান, সড়কের পাশেই বাড়ি হওয়ায় দুপুরের দিকে আমানুল্লাহ ওই এলাকার নজরুলের দোকান থেকে পাউ রুটি কিনে রাস্তা দিয়ে হাঁটতে ছিল। এসময় এমসি থেকে ছাতিরবাজার গামী একটি বেপরোয়া গতির অটোরিকশা তার ওপর উঠিয়ে দেয়। এতে আমানুল্লাহ-র মাথার ওপর দিয়ে অটোরিকশার চাকা গেলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালক জাহাঙ্গীর আলমের বাড়ি একই ইউনিয়নের সাইটালিয়া গ্রামে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, আমানুল্লাহ কে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অটোরিকশা জব্দ করা হয়েছে। শিশুটির পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।